প্রাথমিকভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে দেয়া হবে ভাতা
ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু আজ: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নারীর আর্থিক ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করছে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বাজিমাতের অন্যতম চমক ছিলো ফ্যামেলি কার্ড। নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার কৌশল হিসেবে প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতাভুক্ত করার প্রতিশ্রুতি ছিলো দলটির। নির্বাচনে জিতে সরকার গঠনের পর তাই শুরুতেই হাতে নেওয়া হয়েছে ফ্যামেলি কার্ড প্রকল্প।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার এই কার্ডের আওতাভুক্ত করা হবে।
গতকাল সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সচিবালয়ে অর্থ বিভাগের কনফারেন্স হলে ফ্যামেলি কার্ড প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় বৃহৎ এই সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যানমন্ত্রী এজেডএম ডাঃ জাহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এই প্রথম এমন বৃহৎ পরিসরে এই উদ্যোগ নেওয়া হলো। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি বিএনপি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু করেছে।
সম্মেলনে আরো জানানো হয়, পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাব ও গৃহস্থালী সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি), রেমিট্যান্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে এবং সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাইকৃত তালিকা উপজেলা কমিটি কর্তৃক অধিকতর যাচাইপূর্বক উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪ টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এই কর্মসূচী বিএনপি সরকার গ্রহণ করলেও এটি সম্পূর্ণ পক্ষপাতমুক্ত থাকবে উল্লেখ করে এতে আর্থিক খাতে বাড়তি কোনো চাপ ফেলবে না বলেও দাবি করেন অর্থমন্ত্রী।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচীর উদ্বোধনের পরই ৩৭ হাজার ৫৬৭টি পরিবার নির্দিষ্ট অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা পাবেন উল্লেখ করে সমাজকল্যানমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানান, এই কর্মসূচী নিয়ে কোনো কোম্পানিকে একক বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে না। অতীতের বিভিন্ন প্রকল্পের ভুলত্রুটি বিবেচনায় প্রার্থী বাছাইয়েও সর্বোচ্চ স্বচ্ছতা রাখা হয়েছে বলেও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফ্যামেলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান একটি করে আধুনিক ফ্যামিলি কার্ড পাবেন। প্রথম দিকে অতি দরিদ্রদের এই সুবিধার আওতায় আনা হলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।
ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবার একটি করে আধুনিক ফ্যামিলি কার্ড পাবেন। স্পর্শবিহীন (Contactless) চিপ সম্বলিত এই কার্ডে QR Code (বার কোডের তথ্যসহ) ও NF (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী ও সহজে ব্যবহারযোগ্য হবে। কোন একটি পরিবারের ০৫ জন সদস্যের জন্য ০১টি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
তবে যৌথ/একান্নবর্তী পরিবারগুলোর সদস্য সংখ্যা ০৫ এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টি বিবেচনা করা হবে।
আজ মঙ্গলবার থেকে যেসব এলাকায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে– রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪ ও বাগানবাড়ি বস্তি এলাকা। রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।

আপনার মূল্যবান মতামত দিন: