পাকিস্তানের না, এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
চিরপ্রতিদ্বন্দ্বি ভারতে গিয়ে খেলবে না পাকিস্তান। তাই এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২৯ আগস্ট ভারতে বিহারে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। টুর্নামেন্টের মাত্র ১১ দিন আগে বাংলাদেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল। যদিও গত পাঁচ দিন ধরে বাংলাদেশ হকি দল ক্যাম্প ও অনুশীলন করছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান বলেন, ‘আজ (সোমবার) দুপুর সাড়ে বারোটার পর ভারত ও এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) দুপক্ষ থেকেই এশিয়া কাপে খেলার আমন্ত্রণ জানিয়েছে আমাদেরকে। আমরাও খেলতে সম্মত তা ইতোমধ্যেই জানিয়েছি। এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতাও আমরা দ্রুত সম্পন্ন করব।’
বাংলাদেশ থেকে ভারতের ভিসা বেশ সময় সাপেক্ষ। টুর্নামেন্টের আমন্ত্রণ পেলেও এখন প্রস্তুতি ছাপিয়ে ভিসাও একটা বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে। সাধারন সম্পাদকের কথা, ‘আমরা আজ-কালের মধ্যে জিও (সরকারি আদেশ) পেয়ে যাওয়ার আশাকরি। অনলাইনে ভিসার জন্য আজই আবেদন করা হবে। ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ে ভিসার ব্যাপারে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।’
১৯৮২ সাল থেকে বাংলাদেশ এশিয়া কাপ হকি খেলছে। ১৯৮৫ ও ২০১৭ সালে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছিল। এবার এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো। পাকিস্তান অংশগ্রহণ না করায় এএইচএফ কাপের তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: